
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে আয়নাল হোসেন (৪২) নামের এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়নাল প্রভাকরদী গ্রামের মাহি মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে প্রভাকরদী এলাকায় একটি অটোরিকশায় ছিনতাইয়ের চেষ্টা চালায় ৫-৬ জনের একটি ডাকাত দল। এসময় অটোর যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তখন অন্য ডাকাতরা পালিয়ে গেলেও আয়নালকে ঘটনাস্থলেই ধরে ফেলে জনতা। মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, ইট দিয়ে মাথায় আঘাত করায় আয়নালের মৃত্যু ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই জনতা আয়নালকে গণপিটুনি দিয়ে হত্যা করে। নিহত আয়নালের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।





