আড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে মেঘনা নদীর পাড়ে ইকো পার্ক নির্মাণকাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর তীরে প্রস্তাবিত ইকো পার্ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন স্থানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে মেঘনা নদীর পাড়ের সরকারি জমি কিছু ব্যক্তি জবর দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় দখলকৃত ওই জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। পুনরুদ্ধারকৃত সেই জমিতেই পরিবেশবান্ধব ইকো পার্ক নির্মাণ করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও স্থানীয় জনগণের বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই ইকো পার্ক ভবিষ্যতে পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্কটি নির্মাণ শেষ হলে শুধু স্থানীয় পর্যটক নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য এটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

উদ্বোধনী কার্যক্রম শেষে জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পূজা উপলক্ষে সরকারি অনুদান হিসেবে চেক ও চাল বিতরণ করা হয়।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button