
আশি এবং নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের ব্যাপক প্রভাব ছিল। যেমন সিনেমায় অর্থ ঢালতেন মাফিয়ারা, আবার তারকারাও হুমকি পেতেন নানা কারণেই।

ওই সময় ভয় পেয়ে অনেকেই চুপ করে থাকতেন। তবে এক অভিনেত্রী সাহস করে সেই অন্ধকার শক্তির মুখোমুখিও দাঁড়িয়েছিলেন। তিনি হলেন প্রীতি জিনতা।
চোরি চোরি চুপকে চুপকে’র সময়ের হুমকি
২০০১ সালে সালমান খান এবং রানী মুখার্জির সঙ্গে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে অভিনয় করেছিলেন প্রীতি জিনতা। সেই সময় খবর ছড়ায় যে, সিনেমাটিতে নাকি বিনিয়োগ করেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল। পুলিশ বিষয়টি জানার পরই ছবির প্রিন্ট জব্দ হয়, সেই সময় পুরো ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই প্রীতি এবং আরও কয়েকজন তারকা হুমকির ফোনও পান। তবে অন্যদের মতো ভয় পেয়ে পিছু হটেননি প্রীতি জিনতা।
একাই আদালতে দাঁড়ানো
ওই মামলা আদালতে যাওয়ার পর পুলিশ জিজ্ঞাসা করেন, তারকারা কী সাক্ষ্য দিতে প্রস্তুত? অধিকাংশই গা বাঁচিয়েছেন, আন্ডারওয়ার্ল্ডকে তারা সরাসরি চ্যালেঞ্জ করতে চাননি। তবে প্রীতি জিনতা পিছপা হননি মোটেও। তিনি আদালতে স্পষ্টভাবে গ্যাংয়ের নাম উল্লেখ করেন ও জানান যে, তাকে ফোন করে টাকা দাবি করা হয়।
এরপর কী ঘটেছিল?
প্রীতির সাহসী সাক্ষ্যের পর পুলিশ গ্রেফতার করে অর্থ লগ্নিকারী ভরৎ শাহ ও প্রযোজক নাজিম রিজভিকে। বলিউড ইতিহাসে প্রীতির এই পদক্ষেপ বিরল দৃষ্টান্ত হয়ে রয়েছে, যেখানে এক নায়িকা কেবল পর্দায় আলোই ছড়াননি বরং তিনি ছিলেন অনন্য সাহসের প্রতীক। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম





