
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সংখ্যা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ভুল উল্লেখ করেছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে টিআইবি বিবৃতি দিয়েছে।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেছেন।
ওই পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, ‘টিআইবির সাম্প্রতিক বিবৃতি, দুঃখজনকভাবে যা ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, এর বিপরীতে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিদলে সদস্যসংখ্যা শেখ হাসিনা আমলের তুলনায় কম তো বটেই, বরং অনেক বেশি লক্ষ্যনির্ভর ও পরিশ্রমীও।’
তিনি উল্লেখ করেন, ‘টিআইবি একটি মর্যাদাপূর্ণ নাগরিক সমাজের সংগঠন যা স্বচ্ছতার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাই এটি অত্যন্ত হতাশাজনক যে তারা তথ্য যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের ভিত্তিতে বিবৃতি জারি করেছে।’
তিনি বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিদলের উদ্দেশ্য হলো বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ, যেখানে বৈশ্বিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়, সেখানে বাংলাদেশের ও বাংলাদেশের জনগণের স্বার্থ তুলে ধরা। গত পাঁচ দিনেই প্রতিনিধিদলের সদস্যরা অন্তত এক ডজন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন, যার মধ্যে ছয়জনেরও বেশি রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও রয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘টিআইবি ভুলভাবে দাবি করেছে যে প্রতিনিধিদলে সদস্য সংখ্যা ১০০ জনের বেশি। কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যাটি ৬২, যা গত বছরের ৫৭ জনের চেয়ে সামান্য বেশি। এখানে উল্লেখযোগ্য যে, গত বছরের পরিসংখ্যানে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সফরসঙ্গী হিসেবে ছয়জন বিশিষ্ট রাজনীতিবিদ অন্তর্ভুক্ত ছিলেন না।’
তিনি উল্লেখ করেন, ‘এই বছরের প্রতিনিধিদলের প্রায় এক-তৃতীয়াংশই নিরাপত্তা কর্মী, যারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে ক্রমাগত হুমকির প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিতে লোকবল কিছুটা বাড়ানো হলেও তা পর্যাপ্ত নয়, সুরক্ষা প্রদানের জন্য অনেক নিরাপত্তা কর্মকর্তা দৈনিক ১৬ ঘণ্টার শিফটে কাজ করছেন।’
প্রেস সচিব বলেন, ‘সরকার স্বীকার করে যে, প্রতিনিধিদলের আকার নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে এ বছরের জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এমন এক সময়ে যখন বিভিন্ন মহল সচেতনভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করতে একটি সম্মিলিত প্রচারণাও চালিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক পরিসরে দৃঢ় ও সক্রিয় উপস্থিতি কেবল কৌশলগত নয়, অত্যাবশ্যকও।’
তিনি বলেন, ‘এটি প্রমাণিত যে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা লাখ লাখ ডলার ব্যয় করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে বিপুল পরিমাণ মিথ্যা তথ্য ছড়াতে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিরুদ্ধে লবিং চালাতে, যা অনেক সময় কিছু আন্তর্জাতিক মহলের নীরব সমর্থনেও পরিচালিত হচ্ছে।’
শফিকুল আলম তার পোস্টে বলেন, ‘এই বছরের প্রতিনিধিদলের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা ৩০ সেপ্টেম্বর আসন্ন রোহিঙ্গা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রোহিঙ্গা সংকট এই অঞ্চলের সবচেয়ে জরুরি মানবিক ও নিরাপত্তা ইস্যুগুলোর একটি, যা মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় নেতৃত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরা গুরুত্বপূর্ণ। পাশাপাশি, বেশ কয়েকজন উপদেষ্টা পৃথকভাবে সফর করছেন যারা বাংলাদেশ প্রতিনিধিদলের সরাসরি অংশ নন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট বৈশ্বিক নেতৃত্বের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ে অংশ নিচ্ছেন।’
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের নেতাদেরও এই সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাদের সহায়তা করার জন্য কয়েকজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপটি একটি স্পষ্ট এবং জোরালো বার্তা দেয় তা হলো: বাংলাদেশ দৃঢ়ভাবে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’




