দক্ষিণ ভারতের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনী সম্প্রতি নিজের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নেট দুনিয়ায়। তিনি জানিয়েছেন যে, ১৯৯৪ সালের ‘কানমানি’ ছবিতে তাকে জোরপূর্বক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়, যদিও তিনি কেঁদে কেঁদে না করেন।

সেই সময় মোহিনী ক্যারিয়ারের শীর্ষে। প্রাশান্তের বিপরীতে নায়িকা হয়ে তিনি অভিনয় করেন আর কে সেলভামণি পরিচালিত ‘কানমানি’ সিনেমাতে। এই সিনেমাটি মূলত রোমান্টিক ড্রামা হলেও ‘উদল তাঝুভা’ গানের দৃশ্যের কারণে সমালোচিত হয়েছিলো। অনেকেই মনে করেছিলেন যে, গানটির মূল উদ্দেশ্যই ছিল মোহিনীকে পুরুষতান্ত্রিক দৃষ্টিতে উপস্থাপন করা।
সম্প্রতি আভল বিকাটানকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিনী জানিয়েছেন, সেলভামণি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্যের জন্য। এতে তিনি এতোটাই অস্বস্তি বোধ করেছিলেন যে, তিনি কান্নায় ভেঙে পড়েন; দৃশ্যটি করতে অস্বীকারও করেন।
যে কারণে ওই ছবির শুটিং কয়েক ঘণ্টা বন্ধও থাকে। মোহিনী আরও বলেন, ‘আমি তখন সাঁতারও জানতাম না। তারপর আধা পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে শিখবো কীভাবে? তখন নারী প্রশিক্ষক পাওয়া যেতো না বললেই চলে। তাই ওই দৃশ্য আমি কল্পনাই করতে পারিনি। আমি বাধ্য হয়ে সেটি করেছি।’

তবে একপর্যায়ে প্রযোজনা যাতে করে আটকে না যায়, সেই কারণে তিনি বাধ্য হয়ে দৃশ্যটি শেষ করেন। পরে যখন একই ধরনের দৃশ্যের শুটিং এর অনুমতি চাওয়া হয়, তখন তিনি দৃঢ়ভাবে না বলেন। তার ভাষায়, ‘আমি বলেছিলাম, এটা তোমাদেরই সমস্যা, আমার না। যেমন আগে আমাকে জোর করে করিয়েছিলে, তেমনটি আর হবে না।’ মোহিনী দাবি করেন, ‘কানমানি’ই একমাত্র সিনেমা, যেখানে তিনি নিজের সম্মতি ছাড়া অতিরিক্ত গ্ল্যামারাসরূপে পর্দায় হাজির হন।
এই অভিনেত্রীর আক্ষেপ, ছবিতে তার চরিত্রটি আসলে ছিল ‘খুব সুন্দর এবং চ্যালেঞ্জিং’, তবে তার প্রাপ্য স্বীকৃতি পায়নি।
উল্লেখ্য, দুই দশকের ক্যারিয়ারে মোহিনী অভিনয় করেছেন দক্ষিণ ভারতের প্রায় সব সুপারস্টারের সঙ্গেই। যে তালিকায় আছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, বিজয়কান্ত, শিবরাজকুমার, বিষ্ণুবর্ধন, বিক্রম, সারথকুমারসহ অনেকেই।
মোহিনীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চিন্না মরুমাগাল, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘ইনাথে চিন্তা বিষয়ম’, ‘সৈন্যম, ভেশম’, ‘ওরু মরাভাথুর কানাভু’, ‘থায়াগম’, ‘নিশব্দা’ ইত্যাদি। এ ছাড়াও তিনি বলিউডে ১৯৯১ সালের ‘ড্যান্সার’ ছবিতে অক্ষয়কুমারের বিপরীতে অভিনয় করেন। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।




