শরীর স্বাস্থ্য

পেয়ারার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা জানলে আপনিও বিম্মিত হবেন

আমাদের দেশে পেয়ারা একটি সুপরিচিত ও সহজলভ্য ফল। এটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। গবেষণা অনুযায়ী পেয়ারা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস, যা শরীরের সুস্থতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে।

পেয়ারাতে প্রচুর ভিটামিন সি রয়েছে। একটি মাঝারি আকারের পেয়ারা দিনে প্রয়োজনীয় ভিটামিন সি–এর প্রায় দ্বিগুণ সরবরাহ করতে পারে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে এবং ত্বককে তরুণ ও উজ্জ্বল রাখতে কার্যকর ভূমিকা রাখে।

পেয়ারা ফাইবারসমৃদ্ধ একটি ফল। নিয়মিত পেয়ারা খেলে হজমশক্তি ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং অন্ত্র পরিষ্কার থাকে। পাচনতন্ত্রের সুস্থতা বজায় রাখতে খাদ্য আঁশ অত্যন্ত জরুরি, যা পেয়ারায় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।

পেয়ারায় রয়েছে ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন, যা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে। নিয়মিত পেয়ারা খেলে ছানি পড়ার ঝুঁকি কমে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে।

পেয়ারার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইসোপিন ও কুয়েরসেটিন। এগুলো ক্যানসার প্রতিরোধে সহায়ক এবং শরীরের কোষগুলোকে মুক্ত মৌলের (Free radicals) ক্ষতি থেকে রক্ষা করে।

সেইসঙ্গে, পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। এতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পায় না। আবার পটাশিয়ামের উপস্থিতি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

এছাড়াও, পেয়ারাতে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকায় দাঁত ও হাড় মজবুত হয়। এতে আয়রন থাকায় রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। নিয়মিত পেয়ারা খেলে শরীর সতেজ থাকে, মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয়।

পেয়ারা একটি “সুপারফ্রুট”। দাম কম সহজলভ্য এই ফল শরীরকে পুষ্টি যোগানোর পাশাপাশি নানা রোগ থেকে সুরক্ষা দেয়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button