
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের এক তরুণের নাম জসিম মাতুব্বর। জন্ম থেকে দুটি হাত নেই তার। তবু দমে যাননি তিনি। পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে বর্তমানে পড়ছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে। এখন তিনি ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কিন্তু জসিমের পথচলায় নতুন এক বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। গত তিন বছর ধরে চেষ্টা করেও তিনি এটি পাননি। ভোটার না হওয়ায় সরকারি-বেসরকারি অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই মেধাবী তরুণ।
জানা গেছে, চার ভাই ও এক বোনের মধ্যে জসিম সবার বড়। জন্ম থেকেই হাত না থাকলেও পড়াশোনা ছাড়েননি তিনি। পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেন। কিন্তু এনআইডি করতে গেলে নির্বাচন কমিশনের কার্যালয়ে আঙুলের ছাপ দিতে হয়। সেই শর্ত পূরণ করতে না পারায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন তিনি।
অভিযোগ করে জসিম বলেন, “২০২৩ সাল থেকে ফরিদপুর নির্বাচন অফিসে ঘুরছি। একাধিকবার আবেদন করেছি, কিন্তু কোনো ফল হয়নি। হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছি না—এই কারণেই কার্ড দেওয়া হচ্ছে না। এখন আর আশা করি না।”
এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং জসিমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানিয়েছেন, জসিম তার সঙ্গে যোগাযোগ করলে এনআইডি করার জন্য সর্বোচ্চ সহায়তা করা হবে।
হাতবিহীন হয়েও শিক্ষার আলোয় নিজের জীবন গড়তে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জসিম মাতুব্বর। কিন্তু কাগজে-কলমে একজন নাগরিক পরিচয়ের অভাবে তার স্বপ্ন বারবার থেমে যাচ্ছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কত দ্রুত এই তরুণের দীর্ঘদিনের বঞ্চনা ঘুচাতে পারে।






