
বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি একাধিক বক্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে তিনি প্রকাশ্যে জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক বা বিতর্কিত মন্তব্য করবেন না, বরং শুধুমাত্র কোরআনের তাফসির নিয়েই সীমাবদ্ধ থাকবেন।
মুফতি হামজা স্বীকার করেছেন, বিভিন্ন মাহফিলে তিনি তুলনামূলক বক্তব্য দিতে গিয়ে ভুল করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল নিয়ে দেওয়া মন্তব্য তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তিনি বলেন, “সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলক্রমে মুহসিন হল বলেছিলাম। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
এই মন্তব্যের জেরে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন তার সমালোচনা করে এবং ক্ষমা চাইতে বলে। এমনকি ঢাবির সাবেক শিবির সভাপতি রাফে সালমান রিফাতও প্রকাশ্যে নিন্দা জানান।
এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তার মন্তব্যও সমালোচিত হয়। তিনি বলেন, “আমি ওই ক্যাম্পাসে ছিলাম, কী ঘটত তা সবাই জানে। তবে আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত।”
আরও আলোচনায় আসে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে তার মন্তব্য। মা হাওয়ার সৌন্দর্যের তুলনা করতে গিয়ে তিনি রাশমিকাকে উল্লেখ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্য ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।
মুফতি হামজা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসির ছাড়া অন্য কোনো বিষয়ে আর কিছু বলব না। তুলনা করতে গেলে প্রায়ই ভুল হয়। এখন থেকে সতর্ক থাকব।”
তিনি আরও জানান, দীর্ঘ কারাজীবনের কারণে এখনো তিনি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। এ কারণে বক্তৃতায় ভুল হয়ে যায়।
কুষ্টিয়া জেলার বাসিন্দা মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল-কোরআন ও ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগ সরকারের সময় তিনি আড়াই বছর কারাগারে ছিলেন। ২০২১ সালের ২৪ মে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট। পরে ৯২৫ দিন কারাভোগ শেষে ২০২৩ সালের ৭ ডিসেম্বর মুক্তি পান।



