
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নবী হোসেন আড়াইহাজারের উচিতপুরা এলাকার বাসিন্দা লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১৫-২০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী গ্রামের ইলিয়াসের বাড়িতে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা হামলা চালায়। এতে গৃহবধূ কুলসুম গুরুতর আহত হন এবং একই এলাকার নাইম, আবুল ও ফারুকও জখম হন। আহতদের বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা দেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফউদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এ ঘটনার আগে ডাকাত দলটি এলাকায় আরও দুটি বাড়িতে ডাকাতি করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলেও তিনি জানান।




