অপরাধআন্তর্জাতিক

ক্রাশের স্বামীকে হত্যার চেষ্টা: মিউজিক সিস্টেমে বোমা ভরে ডেলিভারির পর যা ঘটলো!

ভারতের ছত্তিশগড়ে এক চাঞ্চল্যকর ঘটনার উদ্ঘাটন করলো পুলিশ। প্রিয় নারীর স্বামীকে হত্যা করতে ভয়ংকর ষড়যন্ত্র করেন বিনয় বর্মা নামে জনৈক ব্যক্তি।

তিনি বড়সড় একটি মিউজিক সিস্টেমের ভেতর বোমা রেখে তারপর সেটি পার্সেল আকারে পাঠান ওই নারীর স্বামী আফসার খানের ঠিকানায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনার ওইদিন একটি পার্সেল এসে পৌঁছায় আফসার খানের কাছে। তবে তিনি কোনো অনলাইন অর্ডারই করেননি। এতোবড় উপহার কেও পাঠিয়েছে- এমন ধারণাও তার ছিল না। তবে খামের উপর পোস্ট অফিসের লোগো দেখে সন্দেহ হওয়ায় তিনি দ্রুতই পুলিশের দ্বারস্থ হন। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পার্সেলটি খোলার পর এর ভেতরে একটি মিউজিক সিস্টেম পান তারা। তবে সেটি পরীক্ষা করতে গিয়ে বেরিয়ে আসে ভয়াবহ সত্য।

তদন্তে জানা যায় যে, ওই মিউজিক সিস্টেমটির ভেতরে প্রায় ২ কেজি বিস্ফোরক লুকানো ছিল। বিস্ফোরকটি এমনভাবে সংযুক্ত ছিল যে, বিদ্যুতের সংযোগ দেওয়া মাত্রই তা বিস্ফোরিত হওয়ার মতো ব্যবস্থা করা হয়। সৌভাগ্যবশত সময়মতো তা শনাক্ত হওয়ায় ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই বিনয় বর্মাকে আটক করে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ও ভারতের খয়রাগড় গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, বহুদিন ধরে তিনি আফসারের সদ্যবিবাহিত স্ত্রীকে পছন্দ করতেন। তবে নিজের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ানো আফসারকে সরাতে তিনি এই ভয়ংকর পরিকল্পনা করেন। তদন্তে আরও বেরিয়ে আসে যে, গুগল সার্চের সাহায্যে তিনি নিজেই বোমাটি তৈরি করেন এবং সেট করেন মিউজিক সিস্টেমের ভেতর।

এই ঘটনায় অবৈধ বিস্ফোরক পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই আরও ৬ জনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আফসার খানকে হত্যার ষড়যন্ত্র বানচাল করার পাশাপাশি এই অভিযানে স্থানীয় একটি অবৈধ বিস্ফোরক পাচারচক্রকে শনাক্ত করাও সম্ভব হয়েছে।

দেশটির ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, ষড়যন্ত্রের নেপথ্যে আরও বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কি-না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button