বিজ্ঞান ও প্রযুক্তি

জিমেইলের সব ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করলো গুগল। এক সতর্কবার্তায় অতি দ্রুত সব ব্যবহারকারীকে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনসহ দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে এই প্রতিষ্ঠানটি।

সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানায় গুগল।

গুগলের তথ্যমতে, এই সাইবার হামলার পেছনে কুখ্যাত হ্যাকার দল শাইনি হান্টার্স সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২০ সাল হতে হ্যাকার দলটি বিভিন্ন কৌশলে ‘ফিশিং’ হামলাও চালাচ্ছে। সাধারণত প্রতারণামূলক ই–মেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ভুয়া লগইন পেজে নিয়ে যায় ওই হ্যাকার দলটি। যে কারণে অনেকেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা সংবেদনশীল তথ্যসহ নিরাপত্তা কোডও দিয়ে দেন। গুগলের আশঙ্কা, শাইনি হান্টার্স হ্যাকার দলটি শীঘ্রই নতুন কৌশলে আরও লক্ষ্যভিত্তিক এবং ধ্বংসাত্মক সাইবার হামলাও চালাতে পারে।

গুগল জানিয়েছে যে, টু–স্টেপ ভেরিফিকেশন নামে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা অ্যাকাউন্টটির সুরক্ষায় কার্যকর পদ্ধতি। এই পদ্ধতি চালু থাকলে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে দ্বিতীয় ধাপের একটি কোড প্রয়োজন হবে, যা সাধারণত ব্যবহারকারীর যন্ত্রে পাঠানো হয়ে থাকে। এই বাড়তি ধাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দ্রুত জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনসহ দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু করতে হবে।

জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকিং, অনলাইন কেনাকাটা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মতো নানা সেবায় প্রবেশ করা সম্ভব। তাই জিমেইল অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যবহারকারীর জন্য বড় ধরনের ঝুঁকিও তৈরি হয়। এই বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করতে সতর্কবার্তা জারি করেছে গুগল।

উল্লেখ্য, গত জুন মাসে প্রকাশিত এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছিল যে, শাইনি হান্টার্স দলের হ্যাকাররা ডেটা লিক সাইট চালু করে চাঁদাবাজির নতুন একটি কৌশলও নিতে পারে। তারপর ৮ আগস্ট গুগল সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সরাসরি ই–মেইল পাঠিয়ে দ্রুতই নিরাপত্তা জোরদার করার নির্দেশও দেয়। তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button