অপরাধআড়াইহাজার উপজেলা

ডাকাতির হাত থেকে অল্পের জন্য বাঁচলেন দুই যুবক

নরসিংদী পৌর কবরস্থানের পাশের ময়লার স্তূপের কাছে ভয়াবহ এক ডাকাতির কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই যুবক। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার বাসিন্দা পাপন ও আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকার আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে মাধবদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একদল ডাকাত তাদের গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুত এগিয়ে গেলে ডাকাতরা ধারালো দা দিয়ে আঘাত করে। এতে পাপনের হাতে ও আব্দুল্লাহর কাঁধে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থাতেই তারা মোটরসাইকেল চালিয়ে মাধবদী ফায়ার সার্ভিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবদীর স্বাস্থ্যসেবা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল্লাহর কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। পাপনের হাতেও মারাত্মক আঘাত ছিল, তবে তার অবস্থারও উন্নতি হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, নরসিংদী-মাধবদী-মদনপুর সড়কে প্রতিদিন সন্ধ্যার পর ডাকাতির ঘটনা ঘটছে। ফলে সড়কটি রাতের বেলা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্গাপূজা শুরু হওয়ায় পূজারী ও সাধারণ মানুষের যাতায়াত আরও বেড়েছে। এ অবস্থায় সড়কের নিরাপত্তাহীনতা দুর্গাপূজার আনন্দ উৎসবকে ম্লান করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও সড়ক নিরাপত্তায় তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের জোর দাবি—অবিলম্বে পুলিশকে এই সড়কে টহল ও পাহারা জোরদার করতে হবে, যাতে সাধারণ মানুষ এবং পূজারীরা নিরাপদে চলাচল করতে পারেন।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button