
দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম এখন দুই হাজার টাকার ওপরে, অথচ একই ইলিশ ভারতে রফতানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি শুরু হয়েছে। প্রথম দিনেই ৮টি ট্রাকে ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ যায় প্রতিবেশী দেশে।
পরবর্তী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রফতানি অব্যাহত থাকে। ১৮ সেপ্টেম্বর রফতানি হয় ২৬ হাজার ৩৫৮ কেজি, ২০ সেপ্টেম্বর ৬ হাজার কেজি, ২৩ সেপ্টেম্বর ১১ হাজার ৭৬০ কেজি, ২৪ সেপ্টেম্বর ২ হাজার কেজি, ২৫ সেপ্টেম্বর ৬ হাজার কেজি এবং ২৭ সেপ্টেম্বর আরও ১২ হাজার ৮৯৬ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়। এভাবে ৭ দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পৌঁছেছে মোট ১ লাখ ২ হাজার ৮৩৪ কেজি ইলিশ।
প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫৩৩ টাকা। অথচ স্থানীয় বাজারে একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। এতে দেখা যাচ্ছে, কেজিপ্রতি প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা কম দামে ইলিশ যাচ্ছে ভারতে।
সরকারি নির্দেশনা অনুযায়ী এবারের দুর্গাপূজা উপলক্ষে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে ৪০ টন রফতানির অনুমোদন পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে অনুমোদিত এই কোটা শেষ করতে হবে।
স্থানীয় বাজারে দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বেনাপোল বাজারের মাছ ব্যবসায়ী বিকাশ দেবনাথ জানান, “এক কেজি ইলিশ যেখানে স্থানীয় বাজারে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ভারতে পাঠানো হচ্ছে মাত্র ১,৫৩৩ টাকায়। এতে দেশীয় ক্রেতারা বঞ্চিত হচ্ছেন।”
অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গজুড়ে দুর্গাপূজা মানেই খাবারের আনন্দে ইলিশ অপরিহার্য। কলকাতার রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ পরিবারের রান্নাঘর পর্যন্ত সরষে ইলিশ, পাতুরি কিংবা ইলিশ বিরিয়ানি ছাড়া পূজার আয়োজনে যেন পূর্ণতা আসে না। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “পূজার সময় পদ্মার ইলিশ পাওয়া মানে ভোজনরসিক বাঙালির জন্য উৎসবের আনন্দ দ্বিগুণ হওয়া।”
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, প্রতিটি ইলিশের ওজন গড়ে এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে। ইতিমধ্যেই ৭ দিনে ১০২ টন ৮৩৪ কেজি ইলিশ ভারতে রফতানি সম্পন্ন হয়েছে।
দেশে ইলিশ রফতানির অনুমতি সীমিত সময়ের জন্য দেওয়া হলেও স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে সরাসরি। দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা যেখানে অসন্তুষ্ট, সেখানে ভারতীয়রা দুর্গাপূজায় পদ্মার ইলিশ পেয়ে উচ্ছ্বসিত।

