জেলা সংবাদজাতীয়নির্বাচন

নারায়ণগঞ্জের ৩টি আসনের সীমানা পুননির্ধারণ, গেজেট প্রকাশ

নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩০০ আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে এই গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ অন্তর্ভুক্ত।

গেজেট অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ আসনে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড। আগে এ আসন কেবল সোনারগাঁ উপজেলা নিয়েই ছিল।

অন্যদিকে, সিটি কর্পোরেশনের ওই দশটি ওয়ার্ড নারায়ণগঞ্জ-৩ এ যুক্ত হলেও, নারায়ণগঞ্জ-৪ আসনে যুক্ত হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। আগে এ দুটি ইউনিয়ন ছিল নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত।

এ ছাড়া, সিটি কর্পোরেশনের বাকি ১৭টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন এখন থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের অংশ হিসেবে বিবেচিত হবে।

এর আগে বন্দরের পাঁচটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনে ভাগ করার প্রস্তাবের বিরোধিতা করেছিলেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারা লিখিত আপত্তি জানান এবং ইসির আয়োজিত গণশুনানিতেও অংশ নেন। পরবর্তীতে আপত্তির ভিত্তিতে নির্বাচন কমিশন কারিগরি কমিটির প্রস্তাব পুনর্বিবেচনা করে।

নতুন সীমানা অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায় থাকবে। যদিও কমিশনের কারিগরি কমিটি প্রথমে এ ইউনিয়নগুলোকে নারায়ণগঞ্জ-৩ এ যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। তবে এতে ভৌগলিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারাও এর বিরোধিতা করেন।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button