
অনেকের মাথার ত্বক তৈলাক্ত হয়ে যায়। তবে কিছু টোটকা ব্যবহার করলে মাথার তৈলাক্ত ত্বকের সমস্যার মোকাবিলা করা সহজ হবে।
অনেকের মাথার যত্ন নেওয়ার ফুরসত পাওয়া যায় না। তবে বাইরে গেলে ধুলোবালিতে ভরে যায় চুল। তার উপর মাথার ত্বক যদি তৈলাক্ত হয়ে যায়, তাহলে ধুলোবালিও আঁকড়ে ধরে। এতে চুল নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেখান থেকেই খুশকি, চুল-পড়ার মতো সমস্যাও তৈরি হয়। নিয়মিত শ্যাম্পু করলে অনেক সময় শুষ্কও হয়ে যায় চুল। সেইসঙ্গে চুলের আর্দ্রতা নষ্ট হয়। তবে কিছু টোটকা ব্যবহার করলে মাথার তৈলাক্ত ত্বকের সমস্যার মোকাবিলা করাও সহজ হয়ে যাবে। সেইসব টোটকা সম্পর্কে আজ জেনে নিন।
আমলকি
৩ টেবিল চামচ আমলকির পাউডার কিংবা আমলকি বাটার সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে নিতে হবে। মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
অ্যাপল সাইডার ভিনেগার
পরিমাণ মতো অ্যাপল সাইডার ভিনেগার এবং পানি মিশিয়ে তাতে কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল মিশিয়ে এই মিশ্রণটি মাথার ত্বকে লাগাতে হবে। এরপর ভালো করে মাসাজ করে নিতে হবে। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। ধারাবাহিকভাবে এই টোটকাটি ব্যবহার করলে সুফল পাবেন।
পেঁয়াজ
২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ টেবিল চামচ দই ও এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে রাখতে হবে। আধা ঘণ্টা পরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। নিয়ম মেনে এই টোটকাটি ব্যবহার করলে বেশ উপকার পাবেন। তথ্যসূত্র: এই সময়।





