বিজ্ঞান ও প্রযুক্তি

মুখে বললেই গুগল ফটোজের ছবি সম্পাদনা করবে জেমিনি এআই

ছবি সম্পাদনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সুবিধা এবার যুক্ত করলো গুগল। নতুন এই সুবিধা চালুর কারণে ফটোজ অ্যাপে ছবি সম্পাদনা করতে ব্যবহারকারীদের আলাদা করে টুল বাছাই কিংবা সেটিংস পরিবর্তন করতে হবে না। শুধুমাত্র লিখিত প্রম্পট কিংবা ভয়েস কমান্ড দিলে ছবি সম্পাদনা করে দেবে গুগলের জেমিনি এআই।

গুগল ফটোজে বিভিন্ন সম্পাদনা সুবিধা যুক্ত হয়েছে আগেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এআইনির্ভর নতুন সুবিধাটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। কারণ হলো, ছবির জটিল সম্পাদনার বেশির ভাগ কাজই সম্পন্ন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই। তবে এই সুবিধাটি চালুর পূর্বে কিছু সমস্যায় পড়তে হয়েছিল গুগলকেও। ফটোজ অ্যাপের এআই আপডেটে ত্রুটি ধরা পড়ার কারণে পূর্বনির্ধারিত সময়ে সুবিধাটি উন্মুক্ত করতে পারেনি এই প্রতিষ্ঠানটি।

গুগল জানিয়েছে যে, জেমিনির মাধ্যমে ফটোজ অ্যাপে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীরা ইচ্ছামতো ছবি সম্পাদনাও করতে পারবেন। সেজন্য কোনো টুল নির্বাচন কিংবা স্লাইডার ঘোরাতে হবে না। শুধুমাত্র প্রম্পট দিলেই ছবিকে নতুন করে সাজিয়ে দেবে জেমিনি। প্রথম পর্যায়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পিক্সেল ১০ সিরিজের ফোনে এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করার পর যে ছবি সম্পাদনা করতে হবে, সেটি বেছে নিলে ব্যবহারকারীর সামনে চলে আসবে ‘হেল্প মি এডিট’ অপশন। এখান থেকেই জেমিনি সক্রিয় করে প্রয়োজনীয় নির্দেশ দিলে জেমিনি এআই নিজেই তখন ছবি সম্পাদনা করে দেবে। ছবির পেছনের অংশকে মুছে ফেলা, নির্দিষ্ট ব্যক্তিকে ফোকাস করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিংবা ছবিতে থাকা অবাঞ্ছিত ব্যক্তি কিংবা বস্তু মুছে ফেলাসহ নির্ধারিত বেশ কিছু প্রম্পটও যুক্ত থাকবে নতুন এই অ্যাপটিতে। যে কারণে ব্যবহারকারীরা পূর্বনির্ধারিত প্রম্পট নির্বাচন করেও দ্রুততম সময়ের মধ্যে ছবি সম্পাদনা করতে পারবেন।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button