
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’একটি স্থানেও একই ধরনের বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরণের আবহাওয়া বিরাজ করবে। তবে শুক্রবার রাত থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।






