
বর্তমানে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন তিনি। তার নাম শ্রদ্ধা কাপুর। গত বছর তাঁর অভিনীত সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছে।
২০২৪ সালে তাঁর অভিনীত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ প্রায় ৯০০ কোটি রুপি ব্যবসা করেছে। কেবলমাত্র অভিনয়ই নয়, শ্রদ্ধা একজন সফল উদ্যোক্তা। অথচ একসময় বিদেশের শহরে তিনি কফি বানিয়ে বিক্রি করতেন, স্যান্ডউইচ বিক্রি করতেন। সেই অতীত যেনো আজ অবিশ্বাস্য মনে হয়। শ্রদ্ধা কাপুর, বলিউডের জনপ্রিয় একজন নায়িকা, আলোচিত খলনায়ক শক্তি কাপুরের মেয়ে।
এখন অনেকেই বলেন যে, ওটিটি আসার পর বিনোদনজগতেও বড় পরিবর্তন এসেছে। আমি মনে করি, ওটিটির পূর্বেই এই ঢেউ এসেছে। “নিরজা”র মতো সিনেমা ওটিটি যুগের পূর্বে মুক্তি পেয়েছে। পূর্বেও এমন সব ছবি মুক্তি পেয়েছে, যা নারীকেন্দ্রিক। তাই অনেক সময় মানুষ যখন বলেন যে, এইসব ওটিটিতেই এটা সম্ভব, আমি এতে পুরোপুরি সহমত নই। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম সিনেমা পূর্বেও মুক্তি পেয়েছে, আবার সফলও হয়েছে।
শ্রদ্ধার জন্ম এবং বেড়ে ওঠা মুম্বাইয়ে। ছোটবেলা থেকেই সিনেমা ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। তবে রুপালি পর্দার সাফল্যের পথে তাঁর যাত্রা মোটেও সহজতর ছিল না। তিনি পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে, তার বিষয় ছিল মনোবিজ্ঞান। তবে প্রথম বর্ষেই তিনি বুঝে যান যে, একাডেমিক পড়াশোনা তাঁর মনের জগতে মোটেও জায়গা করে নিতে পারছে না। বরং সিনেমাই টানে বেশি।
পড়াশোনা ছেড়ে দেশে ফেরার পূর্বে যুক্তরাষ্ট্রেই শ্রদ্ধা নামেন নানা খণ্ডকালীন কাজেও। কাজ করেছেন কফি শপে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কফি বানিয়ে দিতেন ক্রেতাদের। আবার স্যান্ডউইচও বিক্রি করেছেন তিনি। পরে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, সেইসব দিন তাঁকে আত্মনির্ভরতা অর্জনের শিক্ষা দিয়েছে। নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জীবনের ভিন্ন দৃষ্টিভঙ্গিও দিয়েছে, যা পরে অভিনয়জীবনেও কাজে লেগেছে।
‘তিন পাত্তি’ ছবির মাধ্যমে ২০১০ সালে শুরু হয় শ্রদ্ধার বলিউড যাত্রা। তবে শুরুটা খুব সহজ ছিল না। ছবিটি খুব একটা সাড়াও ফেলতে পারেনি। কয়েকটি ছোটখাটো চরিত্রে অভিনয়ের পর ২০১৩ সালে উঠে আসে বড় মোড় ‘আশিকি ২’। আদিত্য রায় কাপুরের সঙ্গে জুটি বেঁধে এই সিনেমাতেই যেনো জন্ম নিলেন এক নতুন নায়িকা। গান, অভিনয় ও গল্প- সব মিলিয়ে সিনেমাটি হিট হওয়ার পাশাপাশি শ্রদ্ধাকেও পৌঁছে দেয় ঘরে ঘরে।
তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমাতে তিনি দেখিয়েছেন নিজের অভিনয়ের সামর্থ্য- ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘হায়দার’, ‘ছিছোড়ে’ বা ‘স্ত্রী’- সবখানেই শ্রদ্ধা প্রমাণ করেছেন নিজেকে। বিশেষ করে ‘ছিছোড়ে’ তাঁকে এনে দেয় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের এক সুযোগ, যা সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
সবশেষে ‘স্ত্রী ২’। ২০২৪ সালের এই হরর-কমেডি শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক জগতেও ঝড় তোলে। সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে ৮৮৪ দশমিক ৪৫ কোটি রুপি। এর মাধ্যমে শ্রদ্ধা কাপুর পৌঁছে যান ওই কাতারে, যেখানে কেবল হাতে গোনা কয়েকজন অভিনেত্রীই জায়গা করে নিতে পেরেছেন। এই সাফল্য তাঁকে প্রমাণ করে দিয়েছে বলিউডের সবচেয়ে ‘ব্যাংকেবল’ তারকাদের একজন তিনি।


