নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় শম্ভুপুরা এলাকার মেঘনা নদীর ঘাট ১৫০টন কয়লাবোঝাই ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে পালিয়ে গেছে চালক ও তার সহযোগিরা।
গতকাল মঙ্গলবার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ট্রলার মালিকের নাম নাঈম (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া রানীদিয়া এলাকার আলমগীরের ছেলে। এ ঘটনায় বিকেলে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কয়লার মালিক লিয়াকত হোসেন।
অভিযোগে উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে কয়লার ব্যবসা করে আসছি। তার ধারবাহিকতায় চাঁদপুর এলাকায় কয়লা বিক্রির উদ্দেশ্যে বটচোরা ঘাট থেকে মা পরিবহন নামে ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করি। ১৫০টন কয়লা সেই ট্রলারে লোড করে চাঁদপুরের উদ্দেশ্যে ১৪ জানুয়ারি আমার ভাই সহিদুল্লাহ (৬০) রওনা দেয়। ১৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আড়াইহাজার শম্ভুপুরা এলাকায় নদী ঘাটে নোঙর ফেলে বিরতি নেয়। এসময় ট্রলারের মালিক আমার ভাইকে সঙ্গে নিয়ে খাবার খান। খাবার খেয়ে আমার ভাই অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে ট্রলার মালিক আমার ভাইকে অন্ধকার স্থানে ফেলে রেখে ১৫০টন কয়লা নিয়ে পালিয়ে যান। কয়লার মূল্য ২৮লাখ টাকা। পরে স্থানীয় সুজন নামে এক ব্যক্তি আমার ভাইকে দেখে পুলিশকে জানায়। পুলিশ এসে আমার ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে এসে আমার ভাইকে অসুস্থ অবস্থায় পাই। তার কাছ থেকেই বিস্তারিত জানতে পারি।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, আমরা একজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সে এখনও চিকিৎসাধীন আছে। তবে সে কয়লার বিষয়ে কিছু জানায়নি। নদীতে নৌ পুলিশের কাজ। তারা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।





